গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে ক্ষমতাসীনদের মধ্য থেকে বিরোধিতার সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে আমরা একেক জন একেক ধরনের কথা বলছি। আমি এটাকে বলব, আত্মঘাতী আচরণ। এই আচরণ আমাদের দুর্বল করে। এই আচরণে অন্যরা সুযোগ নেবে। সরকারের সবার একই সুরে কথা বলা উচিত।’
শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বৃহস্পতিবার গ্যাসের দাম ২৬ শতাংশ এবং বিদ্যুতের দাম প্রায় ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এ ঘোসণার বিরোধিতা করে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। মেনন সরকারের মন্ত্রিসভায় রয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ভর্তুকির চাপ কমাতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে।’
এই মূল্য বৃদ্ধি নিয়ে আত্মঘাতী আচরণ না করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন যেন ম্লান হয়ে না যায়, সেজন্য আমাদের এ আত্মঘাতী আচরণ পরিহার করতে হবে।’
গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পরিবহন খাতেও পড়বে স্বীকার করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘বিআরটিএকে বলব, স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে এ মূল্যবৃদ্ধি যেন সহনীয় পর্যায়ে রাখে।’
সরকারের জন্য বিব্রতকর কিছু না করতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অপকর্ম করে যারা অর্জন ঢেকে দিতে চাইবে, তাদের বিরুদ্ধে অবশ্যই দলকে ব্যবস্থা নিতে হবে। গুটিকয়েক ছাত্রলীগের জন্য অপমান হচ্ছে। এটা যেন না হয়।’
সংগঠনের সভাপতি তানভির রহমান জয়ের সভাপতিত্বে আর বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, আওয়ামী লীগের সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবির, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন