ভারতীয় বিমানবাহিনী চাইলেই আজাদ কাশ্মীরে হামলা চালিয়ে ‘জঙ্গি-মুক্ত’ করতে পারে গোটা এলাকাকে। সোমবার এভাবেই চড়া সুরে পাকিস্তানের ওপর চড়াও হলেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান অরূপ রাহা।
তিনি বলেন, ভারতীয় বিমানবাহিনীর শক্তি রয়েছে সীমান্তের ওপারে হামলা চালিয়ে শত্রুদের ধ্বংস করে ফেলার। কিন্তু এই সিদ্ধান্ত একা সেনা নিতে পারে না, তার জন্য চাই দেশের শীর্ষ নেতৃত্বের চরম নির্দেশ।
বিমানবাহিনীর চিফ মার্শাল অরূপ রাহা বলেন, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করতে বেশি সময় লাগবে না ভারতীয় বিমানবাহিনীর।
পাকিস্তানের পাশাপাশি চীনকেও সোমবার একহাত নিয়েছে রাহা। তার বক্তব্য, সিয়াচিনে চীন নিজেদের শক্তি বৃদ্ধি করছে। ইদানীং ভারত-চীন বিতর্কিত সীমানা বারবার চীন বিপজ্জনকভাবে সেনা বহর বাড়াচ্ছে বলেও দাবি করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান।
তবে তিনি ভারতবাসীকে আশ্বস্ত করে বলেন, চিন্তার কোনো কারণ নেই। ভারতও চুপ করে বসে নেই। নিজেদের শক্তি সম্পর্কে ভারত সচেতন ও আত্মবিশ্বাসী। ভারত ও চীন সীমান্তে যথেষ্ট সেনা মোতায়েন করে রেখেছে।
অরূপ রাহার কাছে জানতে চাওয়া হয়, মিয়ানমারে ঢুকে ভারতীয় সেনা যেভাবে জঙ্গিদের হত্যা করেছিল, পাকিস্তান অধিকৃত কাশ্মীরেও কি তেমনটা করা সম্ভব? উত্তরে রাহা বলেন, ‘অবশ্যই সম্ভব। কিন্তু আমরা তেমনটা করি না। আমাদের প্রবৃত্তি সে রকম নয়। তবে শীর্ষ কর্তাদের নির্দেশ পেলে আমরা এই মুহূর্তেই তৈরি।’
ভারতীয় বিমানবাহিনী প্রধান আরো জানান, অতীত থেকে শিক্ষা নিয়ে কার্গিলের প্রত্যন্ত এলাকায় সেনা-বহর বাড়াচ্ছে ভারত।
তিনি আরো বলেন, ‘কার্গিল ও নেওমা (লাদাখ) এখন বিমানঘাঁটি হিসেবে ‘ফুললি অপারেশনাল’। তবে কার্গিল বিমানঘাঁটির দক্ষতা বৃদ্ধির উপর আরো নজর দেয়া হচ্ছে। পাশাপাশি নজর রাখা হচ্ছে, যাতে আরো বৃহদাকৃতির বোমারু বিমান সেখানে নামানো যায়।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন