আবার উত্তাল হয়ে উঠেছে মালয়েশিয়া। দুর্নীতিতে অভিযুক্ত প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে শনিবার অর্ধ লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা রাতে শিবির গড়ে রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকারীদের আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় রাজনীতিক মাহাথির মোহাম্মদের উপস্থিতি।
শনিবার বিক্ষোভ চলাকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিকভাবে হাজির হন ৯০ বছর বয়সী মাহাথির মোহাম্মদ, যার হাত ধরে দেশটি প্রভূত উন্নতি সাধন করেছে। তিনিও নাজিবের পদত্যাগ দাবিতে কিছুদিন ধরে সোচ্চার হয়ে উঠেছেন।
শনিবার প্রায় ৫০,০০০ এর বেশি বিক্ষোভকারী হলুদ টি-শার্ট পরে রাজধানী কুয়ালালামপুরের ৫টি নির্ধারিত স্থানে জড়ো হন।
রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান হতে নাজিব রাজাকের ব্যক্তিগত একাউন্টে ৭০ কোটি ডলার বা প্রায় ৫৬০০ কোটি টাকা হস্তান্তরের ঘটনায় তার পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। তারা সরকার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি তুলেছেন। এ দাবিতে টানা ৩৬ ঘণ্টা কুয়ালালামপুরে অবস্থান করবেন বিক্ষোভকারীরা। রবিবার সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দাঙ্গা বিরোধী ট্রাক ও জলকামান নিয়ে অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। তবে প্রথম দিনে কোনো সংঘাতের ঘটনা দেখা যায়নি।
বিক্ষোভের আয়োজনক গণতন্ত্রপন্থী সংগঠন বারসিহ বলেছে, তাদের বিক্ষোভে সারাদেশ থেকে ২ লাখ মানুষ অংশ নিবে বলে তারা আশা করছেন। রবিবার বিক্ষোভের দ্বিতীয় দিন শুরু হবে শরীর চর্চা এবং আন্তঃধর্মীয় প্রার্থনা দিয়ে।
মালয়েশিয়ায় ২০১১ ও ২০১২ সালের এ ধরনের দুটি বিক্ষোভে কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়েছিল নিরাপত্তা বাহিনী।



0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন