আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারো হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। রবিবার সকালে আল-আকসা মসজিদের একটি গেট দিয়ে মুসল্লিদের প্রবেশে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিবাদী মুসল্লিদের ছত্রভঙ্গ করতে গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী।
ইহুদিবাদী পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড দাবি করেছেন, বিক্ষোভকারীরা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাথর ও ককটেল নিক্ষেপ করেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলি বাহিনী ও উগ্র ইহুদিরা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের পাশে ইহুদি উপাসনালয়ের মডেল উদ্বোধন করার পর এ সংঘর্ষ হলো।
এটি হচ্ছে তথাকথিত তৃতীয় ইহুদি উপাসনালয়ের মডেল। এতে রয়েছে একটি বড় হলরুম যেখানে শত শত দর্শনার্থী একসঙ্গে ঢুকতে পারে।
‘আল-আকসা ওয়াকফ ও ঐতিহ্য ফাউন্ডেশন’ বলেছে, এই স্থাপনা আল-আকসা মসজিদের জন্য সরাসরি হুমকি।
ফিলিস্তিনিরা বলছেন, আল-আকসা মসজিদের স্থলে ইহুদি উপাসনালয় নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে এটি নির্মাণ করা হয়েছে। ইতিহাস বিকৃত করে ইহুদিবাদীরা আল-আকসা মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
এর আগে গত সপ্তাহে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালান আল আকসা চত্বরে দুটি মুসলিম সংগঠনের কর্মীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ফিলিস্তিনে। সূত্র: এএফপি, বিবিসি

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন