জাতীয় লিগের জন্য রাজশাহী দলের ক্যাম্পে যোগ দিতে গত বুধবার ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্রিকেটার নিহাদ উজ জামান। যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তিনি।সঙ্গে ছিলেন রাজশাহীর আরেক বাঁহাতি স্পিনার নাঈম ইসলাম জুনিয়র।
জানা গেছে, সিরাজগঞ্জে ফুড ভিলেজে বিরতির পর যাত্রা শুরুর মিনিট দশেক পরই দুর্ঘটনায় পড়ে নিহাদদের বাস। মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি বাসের। দুর্ঘটনায় মারাত্মক আহত হন নিহাদ, রক্তক্ষরণ হয় প্রচুর। মাথায় তিনটি জায়গায় ফেটে যায়। তার মাথার পেছন দিকে সেলাই লেগেছে ৬টি, কপালে দুটি ও বাম ভ্রুর ওপরে আরও চারটি।
তবে আপাতত আশঙ্কামুক্ত উদীয়মান এই বাঁহাতি স্পিনার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শুক্রবার ফিরেছেন বাসায়। তবে নিহাদের সঙ্গী নাঈম ইসলাম জুনিয়র সৌভাগ্যবশত দুর্ঘটনায় আঘাত পাওয়া থেকে বেঁচে যান।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নিহাদ। নিয়েছিলেন বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন ওল্ড ডিওএইচএসের হয়ে।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন