অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ‘বুস্টার এনার্জি বিস্কুট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৫ এর মুকুট উঠলো পুষ্পিতার মাথায়।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জমকালো আয়োজনে পঞ্চম এ আসরের মহাউৎসব অনুষ্ঠিত হয়।
টান টান উত্তেজনার মধ্য দিয়ে মন মাতানো পারফরম্যান্স, দর্শকদের এসএমএস ভোট আর বিচারকদের রায়ে চ্যাম্পিয়নের মুকুট জয় করে নেয় এ প্রতিযোগী।
পুরস্কার হিসেবে ডায়মন্ড ওয়ার্ল্ডের ঝলমলে মুকুটের পাশাপাশি তার হাতে তুলে দেয়া হয় নগদ পাঁচ লাখ টাকার চেক। সেই সঙ্গে তাকে পুরস্কার হিসেবে আরও দেয়া হয় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১০ বছরের জন্য শিক্ষাবৃত্তি, জাপান-বাংলাদেশ হাসপাতালের সৌজন্যে স্কুলজীবন পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা সনদ।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে রাফতি। পুরস্কার হিসেবে তাকে দেয়া হয় তিন লাখ টাকা। দ্বিতীয় রানারআপ হয়েছে মাহিন। তার হাতে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় নগদ দুই লাখ টাকা। তারাও পেয়েছে শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সেবার সুযোগ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এস আই টুটুল। অতিথি বিচারক হিসেবে ছিলেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। তার সংগীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে চ্যানেল আই এ মহাউৎসবে তাকে আজীবন সম্মাননা জানায় । রুনা লায়লার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এসআই টুটুল।
দেখুন ক্ষুদে গানরাজ পুষ্পিতার একটি পার্ফরমেন্স:

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন