সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশের স্ত্রী ও এক ছেলে নিহত হওয়ার খবর পেয়ে সিলেট ওসমানী হাসপাতালে যায় কানাইঘাট উপজেলা ছাত্রলীগের ইফতেখার মালিক তানভীর ও মাহবুবুর রহমান নামের দু’জন কর্মী। তারা দু’জন সম্পর্কে মামা-ভাগ্নে। হাসপাতালে তারা ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করায় স্থানীয় ছাত্রলীগের মধ্যে সন্দেহ হলে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করে। একপর্যায়ে হাসপাতালের ভেতরেই মাহবুবুর রহমান নামের ওই ছাত্রলীগ কর্মী ফাহাদ আহমদ নামের এক ছাত্রলীগ কর্মীকে পিঠে ও হাতে ছোরা দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এমনকি সেময় ছুরিকাঘাতে আহত হন মদন মোহন কলেজের ছাত্রলীগ কর্মী কামরান হোসেন।
পরবর্তীতে পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা ইফতেখার মালিক তানভীরকে আটক করে পুলিশে দেয়। ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায়। পরবর্তীতে শনিবার ভোরে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা হাসপাতালের সবকটি গেইট পাহারা দিয়ে হাসপাতালের ভেতর থেকে আটক করে মাহবুবুরকে। ছুরিকাঘাতে আহত ফাহাদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। আটককৃত কানাইঘাটের ছাত্রলীগ কর্মী ইফতেখার মালিক তানভীর (২০) উপজেলার ঢালাই চর গ্রামের মৃত হাজী আব্দুল মালিকের ছেলে,বর্তমানে সে উপশহর এবিসি পয়েন্ট এলাকায় বসবাস করে আসছে। আর মাহবুবুর রহমান (২৫) একই উপজেলার ধলই মাটি গ্রামের মৃত হাজী আলাউদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালে যাওয়ার পূর্বেই ইফতেখার মালিক তানভীর নামের ওই ছাত্রলীগ কর্মী তার ফেইসবুকের আইডিতে ‘আল্লাহর বিচার আল্লাহ করেন থ্যাংকস গড’ এমনটি লিখেন। এরপর ওই দুজন ছাত্রলীগ কর্মীসহ ৫-৮জনকে হাসপাতালের ভেতরে ছোরাসহ প্রবেশ করতে দেখেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হাসপাতালের ভেতরে ছোরা নিয়ে প্রবেশ করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা ধরনের সন্দেহ হয়। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে খবর দেয়ার পর পুলিশ হাসপাতালে আসার পর পরই তারভীর ও মাহবুবুর দৌড়ে পালিয়ে যেতে থাকে।
সেসময় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করলে এক পর্যায়ে মাহবুব ফাহাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেসময় ছুরিকাঘাতে কামরান হোসেন নামের এক মদন মোহন কলেজ ছাত্রলীগ কর্মীও আহত হন। তখন ঘটনাস্থল থেকে তানভিরকে আটক করা হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বলেন, ফেইসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, ছাত্রলীগ কর্মী ফাহাদ ও কামরানকে ছুরিকাঘাত করার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন