728x90 AdSpace

ব্রেকিং
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

২২ গজ থেকে ফেরার আসামি

আবহটা চিত্রনাট্যের হলে আশেপাশে অনেক চরিত্রেরই দেখা মিলবে। কেউ এক ঝলকেই উধাও, কেউবা পুরোটা চিত্রনাট্যজুড়ে। সেখানে নায়ক থাকলে খলনায়কের হানাও অনিবার্য। অনেক সময় আবার নায়ককেও ধীরে ধীরে বখে যেতে দেখা যায়।
কিন্তু গল্পটা চিত্রনাট্যের নয়। আর এটাকে গল্প বলতে গেলেও আপত্তির ঝান্ডা উঠিয়ে বসতে পারেন কেউ কেউ। প্রশ্ন ছুড়ে দেয়া হতে পারে- ছিন্নমূল থেকে উঠে আসা একজন ক্রিকেটার শেকড়কে ভুলতে পারে কিভাবে? সবটুকু মানবতা বিসর্জন দিয়ে এমন হিংস্র হতে পারেন কিভাবে?
হ্যাঁ, অভিযোগের তীরটা বাংলাদেশ পেসার শাহাদাত হোসেনের দিকেই। প্রশ্ন দুটোও তার জন্য। বল হাতে ২২ গজে গতির ঝড় তোলা শাহাদাত হোসেন তো অনেকের কাছেই নায়ক। কিন্তু একদিনের মাঝে নিজের পরিচয়টা বদলে দিয়েছেন বাংলাদেশের পেসার। বল হাতে ২২ গজে নাম কামানো শাহাদাত এখন ফেরারী আসামী। ক্রিকেটার থেকে পলাতক আসামী!
সেই শাহাদাত আর এই শাহাদাতের মাঝে পার্থক্যটা এখন দিবা-রাত্রির মতো। তার ‘চরিত্রটা’ এখন রাতের কালো অন্ধকারের মতোই। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের আউট করে সাজঘরে পাঠানোর বদলে তার হিংস্রতার শিকার ১১ বছরের ছোট্ট গৃহকর্মী। ফলটা ক্রিকেটের ঠিক উল্টো পাশ- মুখ লুকিয়ে থাকা।
অভিযোগটা কতটা স্বতঃস্বিদ্ধ সত্যি, শাহাদাতের অবস্থানই পরিষ্কার করে দিয়েছে। অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণের বদলে নিজেই লাপাত্তা হয়ে গেছেন। অনেকেরই ধারণা অভিযোগ সত্যি বলেই নিজেকে সবার থেকে আড়াল করে নিয়েছেন বাংলাদেশের এই পেসার। আর ধারণা ক্রমেই বাস্তবে রুপ নিচ্ছে।
তার নামের পাশে ক্রিকেটার নামক এক প্রকার ট্যাগ লাগানো। যা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা বিশেষণের মতোই। কিন্তু এসবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাহাদাত তার নিষ্ঠুরতা ফুটিয়ে তুলেছেন হ্যাপি নামের ওই গৃহকর্মীর গায়ে-মুখে। তবে কি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে থাকতেই দিক হারিয়ে বসেছেন তিনি?
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে এক বল করেই ইনজুরিতে পড়েন শাহাদাত। এরপর থেকে বসে বসে শুধু বাংলাদেশের সাফল্য দেখতে হয়েছে। ফেরার আভাসও সেভাবে মেলেনি। এসবই হতে পারে তার হতাশার কারণ। যে হতাশা থেকে এমন কান্ড!
কিন্তু অতীত বলছে অন্য কথা। এরআগেও তার বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। সেবার সিনিয়র এক ক্রিকেটার থানা থেকে ছাড়িয়ে নিয়েছিলেন তাকে। এছাড়া আরো কিছু বিতর্কের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। বিয়ের আগে সবার সামনেই বলতেন কালো মেয়ে বিয়ে করবেন না। তার দৃষ্টিভঙ্গি তখনই প্রকাশ পেয়েছিল।
গৃহকর্মীকে নির্যাতনের পুরনো অভিযোগেই এবার ঘরছাড়া শাহাদাত। অথচ ইনজুরিতে পরার পর থেকে কঠিন প্ররিশ্রম করে যাচ্চিলেন নিজেকে ফেরানোর জন্য। বিপিএল দিয়ে ফেরার কথাও বলেছিলেন। কিন্তু এমন বিতর্কের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন তার পুরো ক্যারিয়ারই এখন হুমকির মুখে।
২০০৫ সালে বাংলাদেশের হয়ে ক্যারিয়ার শুরু করার পর উত্থান পতন দেখতে হয়েছে শাহাদাতকে। শুরুর দিকে সব ফরম্যাটেই খেলেছেন। বাংলাদেশের হয়ে ৩৮ টেস্ট, ৫৬ ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলা বাংলাদেশের এই পেসার বল হাতে গড়েছেন কীর্তিও। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করার গৌরব তার দখলেই।
পরবর্তীতে শুধু টেস্ট দলে ডাক মিলেছে। এবার সেই পথেও হয়তো কাটা বিছিয়ে দিলেন বাংলাদেশের দীর্ঘদেহী এই পেসার। কালি ঢাললেন ক্যারিয়ারের সাফল্য আর গৌরবের সব অধ্যায়েই। হয়তো কোনো এক সময় রেকর্ডে চোখ বুলিয়ে শাহাদাতও দেখতে পাবেন নিজের ঢালা কালিই কতোটা কালো করেছিল তার ক্রিকেট ক্যারিয়ারকে।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: ২২ গজ থেকে ফেরার আসামি Rating: 5 Reviewed By: Unknown